করোনা প্রতারণায় ইন্টারপোলের হুঁশিয়ারি

২৫ মার্চ, ২০২০ ১৫:৩৯  
বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিকে পুঁজি করে সাইবার দুর্বৃত্তরা আর্থিক প্রতারণার নানা ফাঁদ পেতেছে। প্রতিদিনই এ সংক্রান্ত আর্থিক প্রতারণা বাড়ছে। আর এ কারণেই, চলমান স্বাস্থ্য সংকটের সময় অনলাইনে কোনো চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার সময় ক্রেতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোল। । প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে সার্জিক্যাল মাস্ক ও অন্যান্য চিকিৎসার সরঞ্জামের চাহিদা বাড়ায় অনেক দোকানে এখন তা পাওয়া যাচ্ছে না। এ সুযোগ নিচ্ছে সাইবার দুর্বৃত্তরা। ভুয়া দোকান, ওয়েবসাইট, সামাজিক যোগযোগের মাধ্যমে বিভিন্ন পেজ ও ই-মেইলের মাধ্যমে এসব পণ্য বিক্রির কথা বলছে তারা। অনলাইনে এসব পণ্যের ফরমাশ দিতে বলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। অর্থের বিনিময়ে মাস্কসহ চিকিৎসা সরঞ্জাম দেওয়ার কথা বললেও তা কখনোই পাঠায় না তারা। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেই মূলত নানা আকর্ষণীয় অফার দেয় তারা।